একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ভালো মানের সোনার দাম দুই লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (২১ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা করা হয়েছে।