সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরিতে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।
এছাড়া সরকারি প্রচারসামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, প্রয়োজনীয় তথ্য এবং সংশ্লিষ্ট বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। নকশা তৈরির সময় প্রচারের মূল উদ্দেশ্য ও বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও সংস্থাকে তা অনুসরণ করতে হবে।