কুষ্টিয়ার কুমারখালীতে নির্মাণাধীন ড্রেনে পড়ে ইফাত (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১১ মে) বিকেলে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফাত স্থানীয় লুঙ্গি ব্যবসায়ী কামরুল হাসানের ছেলে এবং বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনদের অভিযোগ, প্রায় এক বছর আগে ড্রেন নির্মাণের জন্য মাটি খনন করা হলেও এখনো কাজ শেষ হয়নি। খনন করা স্থানে পানি জমে ছোট খাদ তৈরি হয়েছে, যা এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ইফাত তার চাচাতো ভাই সামাদের সঙ্গে ছাগল চরাতে বের হয়। পরে সামাদ বাড়ি ফিরে এলেও ইফাত আর ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে নির্মাণাধীন ড্রেনের পাশে তার স্যান্ডেল দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পানিভর্তি ড্রেন থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইফাতের চাচা সামছুল আলম অভিযোগ করে বলেন, ঠিকাদারের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে খনন করা ড্রেন খোলা অবস্থায় পড়ে থাকলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার পর কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, নির্মাণকাজে অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে দেখা গেছে এবং ঠিকাদারকে এ বিষয়ে জবাবদিহির জন্য ডাকা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।