জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, জনগণের টাকার এক পয়সাও অপচয় হতে দেওয়া হবে না। উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
শনিবার (১ আগস্ট) শরীয়তপুরের ধানকাটি ইউনিয়নে বিভিন্ন সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, এমন মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে, যাতে আগামী ৫০ বছরেও বড় ধরনের সংস্কারের প্রয়োজন না হয়।
তিনি বলেন, “আমি কাজ করতে এসেছি, বাটপারি করতে আসিনি। জনগণের টাকায় কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না। প্রতিটি কাজ টেকসই ও মানসম্মত হতে হবে।”
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।
হুইপ অপু বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা। তাই প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্ধারিত মান বজায় রাখতে হবে।
পরিদর্শনকালে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু নাইম নাবিল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।