দেশ যখনই কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়া বিএনপির প্রধান দায়িত্ব। এজন্য দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা জরুরি।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা করলে এর সুযোগ নেবে ‘গুপ্ত ও পলাতক বাহিনী’। তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সামনে বিএনপিকে কঠিন সময় পার করতে হবে। এ সময় দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় জেলার পাঁচ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।