রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট পৃথক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উত্তরখানের একটি বাসায় এবং ভোর ৪টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মিরপুরের মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪); এবং উত্তরখানের আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনা হেনা (৪০) ও মেয়ে আখি আক্তার (৩০)।
দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। ভোরে রান্নাঘরে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন লাগে। এতে তার বাবা, মা ও বোন দগ্ধ হন। পরে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
অন্যদিকে, মিরাজের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাদের বাসা মিরপুর পাইকপাড়া এলাকায়। মিরাজ দিনমজুর হিসেবে কাজ করেন। ভোরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ভেকু দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এ সময় কেউ একজন সিগারেট ধরালে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে এবং মিরাজ, সুজন ও বিপ্লব দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর ও উত্তরখান থেকে মোট ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। এর মধ্যে উত্তরখানের আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ এবং আখি আক্তারের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মিরাজের ১৫ শতাংশ, সুজনের ২২ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।