কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছেন দলটির সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামের ওই পোস্টে নুরুল হক নুর দাবি করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালানো হয়েছে।
তিনি দাবি করেন, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রঅধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
নুরুল হক নুর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তার ফেসবুক পোস্টে হামলায় আহত ব্যক্তিদের রক্তাক্ত পায়ের ছবিও প্রকাশ করা হয়।
তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।