কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাপকে বিশ্বাস করা গেলেও জামায়াতকে বিশ্বাস করা যায় না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ফজলুর রহমান বলেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে এবং তারেক রহমানকে ক্ষমতায় দেখতে হলে দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, গত দুই বছরে বিএনপির কিছু ভুল হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের নিজেদের ভুল নিয়ে আত্মসমালোচনা করা উচিত।
তারেক রহমান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান এবং মানুষের সঙ্গে প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তার পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।