শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে সরকারি সম্পত্তি পরিত্যক্ত ফেলে রেখে বা বিক্রি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে সম্পদশূন্য করার চক্রান্ত হয়েছিল বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ একর জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী সরকারের সব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী, দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিশাল এই সম্পত্তি অকেজো ফেলে রেখে রাষ্ট্রের ক্ষতি হতে দেওয়া হবে না। ঢাকার নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে এখানে বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন জানান, দুই দিনের চট্টগ্রাম সফরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীন অন্যান্য সম্পত্তিও সরেজমিনে পরিদর্শন করা হবে। এসব সম্পত্তি পুনরায় সচল করে কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তাঁরা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন রাঙ্গুনিয়ার এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসন ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।