বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ মেলার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থল বর্ণিল সাজে সাজানো হয়। এ সময় বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মন্ত্রিসভার সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
বন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের ৭টি বিভাগীয় সদরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে ৭ দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে।
এবারের বৃক্ষমেলায় ১২০টি স্টল থাকবে বলে জানানো হয়েছে।
বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও বন ব্যবস্থাপনায় ‘স্মার্ট ফরেস্ট্রি’ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা হবে।