বাংলাদেশ আর কখনো কারও কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
রুমিন ফারহানা প্রশ্ন করেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গত ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’-তে বাংলাদেশ যুক্ত হলে দেশের কী ধরনের সুবিধা হতে পারে।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মক্কা চুক্তি’কে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। তিনি এটিকে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
খলিলুর রহমান জানান, বাংলাদেশকে এই চুক্তিতে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি।
তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি নির্ভর করছে বর্তমান সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে এর সম্ভাব্য ভালো-মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চুক্তিটি বর্তমানে তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এটি ভবিষ্যতে বিস্তৃত হলে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং বাংলাদেশ কোনো পক্ষের কাছে মাথানত করবে না।