জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তার বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান বলেন, ‘আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো “কাঁচা রাস্তা” সঠিক বাংলা বলেছি। এখন আমি কী বলবো? ডার্ট রোড বা আনপেইভড রোড? এগুলো বললে তো সবাই বুঝতেন না। এজন্যই “কাঁচা রাস্তা” শব্দ ব্যবহার করেছি।’
তিনি আরও জানান, রংপুর-৬ আসনের এক সংসদ সদস্য প্রথমে বিষয়টি উত্থাপন করেছিলেন। এলাকার সড়ক উন্নয়ন ও জনগণের দুর্ভোগের বিষয়টি তুলে ধরতেই তিনি ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহার করেন।
এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জেবা আমিন খান সড়কের বেহাল অবস্থার জন্য দুর্নীতিকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের জন্য কার্যকর উন্নয়ন হয়নি। ফলে দেশের বিভিন্ন এলাকায় এখনো কাঁচা রাস্তার সমস্যা রয়ে গেছে এবং জনগণ ভোগান্তিতে রয়েছে।
এ সময় তিনি বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা একদিনে দূর করা সম্ভব নয়। ধীরে ধীরে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন আনা হবে।