চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো’র আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছে।
বুধবার (১০ জুন) প্রতিনিধিদলটি চীনের কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ১০ থেকে ১৩ জুন কুনমিংয়ে অবস্থানকালে প্রতিনিধিদলটি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক, চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম এবং চায়না-সাউথ এশিয়া এক্সপো’র বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।
সফরকালে ১১ জুন প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়া প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে এবং বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবে।
১২ জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো’র সঙ্গে বৈঠক করবেন। সেখানে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজীকরণ ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, জন্মগত হৃদরোগ চিকিৎসা কর্মসূচি এবং যৌথ চিকিৎসা উদ্যোগ বিষয়ক একটি শেয়ারিং সেশনে অংশ নেবে।
শেষ দিনে প্রতিনিধিদলটি ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার পরিদর্শন করবে।
উল্লেখ্য, চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম (সিএসএসিএফ) চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম।