নড়াইল-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। রোববার (২৮ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এমপি আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি।
এর আগে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় তার মেয়ের নাম থাকার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
গত ১৮ জুন সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে প্রকাশিত এক তালিকায় দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল-২ আসনের এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১০ জনের নামে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে। তালিকায় 'ফাইজা' নামে দুইজনের জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দের তথ্য প্রকাশের পর তাদের একজন এমপির মেয়ে বলে দাবি ওঠে।
এ ছাড়া তালিকার বেশিরভাগ উপকারভোগী এমপি আতাউর রহমান বাচ্চুর নিজ ইউনিয়ন ও শ্বশুরবাড়ির এলাকার হওয়ায়ও সমালোচনা সৃষ্টি হয়।
এ বিষয়ে এমপি আতাউর রহমান বাচ্চু দাবি করেন, তিনি তখন নড়াইলে ছিলেন না। তার ব্যক্তিগত সহকারী (পিএস) অফিসের তাগিদে একটি তালিকা তৈরি করে জমা দেন। তিনি আরও বলেন, বরাদ্দের টাকা এসেছে—এ বিষয়েও তিনি আগে জানতেন না। পরে ইউএনওকে নিজের তালিকা অনুযায়ী অনুদান বিতরণের নির্দেশ দিয়েছেন।