নেত্রকোণায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) এবং ছোট মেয়ে ইতি আক্তার (১০)। তারা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী বাবর মিয়া জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী বাস চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা ছয় যাত্রীর মধ্যে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর তিনজনকে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাজহারুল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।