শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশে নকল এখন অতীতের বিষয়। বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক ও কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই। এখন আমরা শিক্ষার মান উন্নয়নে কী করা যায়, সে বিষয়গুলো নিয়ে কাজ করছি।”
তিনি জানান, দেশের সব পাবলিক পরীক্ষার ফলাফল দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে এবং দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি। প্রশ্নফাঁসের বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্ন ফাঁস হতে দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উচ্চশিক্ষা নিয়ে তিনি বলেন, চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশনজট থাকতে দেওয়া হবে না।
সভায় জানানো হয়, বরিশাল বিভাগের ১৫০টি কেন্দ্রে ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে।