প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই (সোমবার) বরিশাল সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তার প্রথম বরিশাল সফর। এ উপলক্ষে বরিশালজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি, আনন্দ মিছিল এবং স্বাগত আয়োজন।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে স্বাগত র্যালি, প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। পথে গৌরনদীর বাটাজোর এবং বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, সৌন্দর্যবর্ধন এবং সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।