বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ধরনের কর্মসূচি বা অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।
শনিবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জামিয়া ইউনুসিয়ার প্রতি গভীর আবেগ ও ভালোবাসা থেকে প্রতিষ্ঠানটির বিষয়ে কোনো আপত্তিকর ঘটনা সহজভাবে নেয় না। তবে কেউ ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করলে তাকে ক্ষমা করার মানসিকতাও তাদের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহর উদ্দেশে তিনি বলেন, বক্তব্যটি প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় তার কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। একই সঙ্গে বিষয়টি দ্রুত সমাধানের জন্য হাসনাতকে দুঃখপ্রকাশ করার আহ্বান জানান তিনি।
রফিকুল ইসলাম আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে জামিয়া ইউনুসিয়ার সম্পর্ক আবেগের। তাই প্রতিষ্ঠানটিকে ঘিরে কোনো ধরনের বিতর্ক বা আঘাতের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
তবে তিনি হাসনাত আবদুল্লাহর শারীরিক গঠন ও গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন মন্তব্যেরও সমালোচনা করেন। তার ভাষ্য, হাসনাত ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশ করলে যারা ব্যক্তিগতভাবে তাকে কটাক্ষ করেছেন, তাদেরও নিজেদের বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত।
রফিকুল ইসলাম মাদানী বলেন, প্রতিবাদ জানানো হলেও তা যেন শালীন ও সুন্দরভাবে করা হয়। একই সঙ্গে হাসনাতের প্রতি তার আহ্বান, দ্রুত দুঃখপ্রকাশ করে বিষয়টির অবসান ঘটানো।
এর আগে শুক্রবার রাতে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল হয়। মিছিল থেকে ‘বয়কট হাসনাত’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাকে বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।