জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার একদিনের মাথায় একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদস্য।
শুক্রবার (১৫ মে) সকালে বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
পদত্যাগী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এছাড়া কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি এবং মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগও তোলেন তারা।
পদত্যাগী দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ বলেন, “দলের জন্য যারা দীর্ঘদিন কাজ করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই। বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও জানানো হবে।”
সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকেই আমরা এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করে যাবেন।
পদত্যাগ করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— সৈয়দ এহছানুল হক, কামরুল কায়েস, মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, ইকবাল মাসুদ, রকিবুল ইসলাম, ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান, মোস্তফা রাশেদ আজগর, মোহাম্মদ রাফসান জানি রিয়াজ, মো. নুরুদ্দীন, মোহাম্মদ বেলাল হোসেন, মো. ওমর সাঈদ ও তাহজীব চৌধুরী।