পেনশন আবেদন ও মঞ্জুরির দীর্ঘদিনের জটিলতা কমাতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (OPTMMS) চালু করেছে সরকার বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নতুন এই ডিজিটাল সিস্টেম চালু হলে পেনশনভোগীরা ঘরে বসেই আবেদন জমা দিতে পারবেন, আবেদনের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবেন।
এর ফলে সময় ও হয়রানি কমবে, পাশাপাশি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারি দপ্তরে না গিয়ে অনলাইনে সেবা পাওয়া গেলে তা দুর্নীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পেনশন নীতিমালা প্রসঙ্গে তিনি জানান, কিছু ক্ষেত্রে পরিবারগুলো ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাই বিদ্যমান বিধান পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
সরকারের এই উদ্যোগকে পেনশন ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।