জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বিভিন্ন সময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। ঐতিহাসিক এ সম্পর্ক সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে পরিবর্তিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে আবারও গণতন্ত্রের পথচলা সুগম হয়েছে।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে একে অপরের প্রতি সম্মানের ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকার বাংলাদেশ-ভারতের মধ্যে আরও জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
বৈঠকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে সফর বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।