রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। বিশেষ করে আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবেও বর্তমান সংকট আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার অধিকার রয়েছে। তবে সংকট সমাধানে রাজপথে হুমকি না দিয়ে সংসদে কার্যকর পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।
রিজভী আরও বলেন, দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমেও দেশকে এগিয়ে নিতে হবে।