মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে চোর সন্দেহে আটক এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আটকের পরপরই পুলিশকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক ঘণ্টা দেরি করায় জনতার মারধরে প্রাণ হারান ওই ব্যক্তি।
মঙ্গলবার (২ জুন) ভোরে বামন্দী বাসস্ট্যান্ড এলাকার খোকন এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে পাঁচ সদস্যের একটি চোরচক্র প্রতিষ্ঠানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় স্থানীয়দের তৎপরতায় এক সন্দেহভাজনকে আটক করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে বেঁধে রেখে বামন্দী পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, পুলিশ ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র এক কিলোমিটার হলেও পুলিশ পৌঁছাতে প্রায় পাঁচ ঘণ্টা সময় নেয়। এ সময় ক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
খোকন এন্টারপ্রাইজের মালিকের ছেলে তুষার জানান, আটকের পর নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে স্থানীয়রা তাকে মারধর করে।
বামন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়াল বলেন, পুলিশ সময়মতো পৌঁছালে হয়তো ওই ব্যক্তির প্রাণ রক্ষা করা সম্ভব হতো।
এদিকে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, সকালে দায়িত্বে থাকা এক এএসআই বিষয়টি জানতে পেরে থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন।
ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ উঠলেও এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।