তিস্তা মহাপরিকল্পনার কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে জামায়াতে ইসলামী মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ‘পঞ্চগড় গেট’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন তাদের (জামায়াত ও অন্যান্য দল) কোনো অস্তিত্ব ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন বা কথাও ছিল না। তাই স্টান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে আর চলবে না।’
তিনি আশ্বাস দিয়ে বলেন, অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে এবং তা বাস্তবায়ন করা হবে।
পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই গেট নির্মাণ করা হচ্ছে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পঞ্চগড় জেলা পরিষদের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।