জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে মীর মুগ্ধ স্কয়ারের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক।
তিনি বলেন, ‘মীর মুগ্ধ স্কয়ার’ শুধু একটি স্থাপনার নাম নয়, এটি জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণ-আকাঙ্ক্ষার প্রতীক। প্রধানমন্ত্রী নিজের নামে না করে এই স্কয়ারের নাম মীর মুগ্ধের নামে দিয়েছেন।
মীর শাহে আলম বলেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই বীর শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধারা জাতির হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের মতোই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদেরও সমান মর্যাদায় স্মরণ করা হবে। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকারের মূল্য বুঝতে পারে।
প্রতিমন্ত্রী জানান, জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।