চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘আমি বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করবো।’
শুক্রবার (১০ জুলাই) সকালে টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন হুমাম কাদের। পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান বন্যা পরিস্থিতি ও পাহাড়ধস নিয়ে তিনি বলেন, শুধু রাঙ্গুনিয়া নয়, রাউজান, ফটিকছড়িসহ আশপাশের বিভিন্ন এলাকাও আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) কবলে পড়েছে। আগামী দুই থেকে তিন দিন আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হুমাম কাদের বলেন, সরকারি কর্মকর্তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংস করে পাহাড় কাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দুর্গতদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।