নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন অসৎ কোম্পানি কৃষিজমি বালু দিয়ে ভরাট করছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বুধবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে বিভিন্ন কোম্পানি কৃষিজমি ভরাট করে ফেলছে। এর ফলে স্থানীয় মানুষজন তাদের বাড়িঘরে বসবাস করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সংসদে তিনি গ্যাস সংকট, জলাবদ্ধতা, শিল্পাঞ্চলের পরিবেশ দূষণ এবং নারায়ণগঞ্জের প্রশাসনিক মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, দেশের জিডিপিতে নারায়ণগঞ্জের অবদান ৭ দশমিক ৫ শতাংশ হলেও এখনো জেলাটি ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। নারায়ণগঞ্জকে দ্রুত ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানান তিনি।
এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটিতে রূপান্তরের দাবিও জানান সংসদ সদস্য।