মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সবদিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রতিটি দেশই নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে সিদ্ধান্ত নেয়। ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও নিজেদের জাতীয় স্বার্থ ও নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। তার ভাষায়, ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’
মক্কা চুক্তি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়; বরং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের জন্য ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।