বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার বিষয়ে তার পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী মামলাটির দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে শেরেবাংলা হলে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পরবর্তীতে হাইকোর্টেও মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। তবে মামলাটির চূড়ান্ত বিচার এখনো শেষ হয়নি; এটি বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎটি এমন সময়ে হলো, যখন হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হয়েছে এবং পরিবারটি দ্রুত চূড়ান্ত বিচার ও রায় কার্যকরের প্রত্যাশা জানিয়ে আসছে।