সম্ভাব্য ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত বলে জানিয়েছেন ভারতীয় নেতা দীনেশ ত্রিবেদী। তার ভাষ্য অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান তারেক রহমানের সফরটি স্মরণীয় হোক।
দুই দেশের কর্মকর্তাদের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে যোগাযোগ বাড়ছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। একাধিক সূত্রের দাবি, বড় কোনো সমস্যা না হলে আগস্টের শেষ সপ্তাহে সফর হতে পারে।
সফর হলে তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে। এতে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন কমানো, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়ানো, গঙ্গার পানি বণ্টন, সীমান্ত, নিরাপত্তা ও যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সম্ভাব্য সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরির কথা জানানো হয়েছে। তবে তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেবেন নাকি আলাদাভাবে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
সম্প্রতি ভারতীয় একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং দুই দেশের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের বৈঠকও সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি করেছে।
তবে সম্ভাব্য সফর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভিন্নমত রয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভারত সফরের বিষয়ে সতর্ক করে বলেছেন, ভারত শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত নয়।
অন্যদিকে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সরাসরি যোগাযোগ বাড়লে পারস্পরিক আস্থা তৈরির পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।