নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হলে প্রতিটি মাংসের গায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য কর্মকর্তার ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে সিটি কর্পোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি করা হলে তা জব্দ করা হবে। পাশাপাশি অননুমোদিতভাবে পশু জবাই করে সেই মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বাজার বা অন্য কোনো স্থানে পশু জবাই করা যাবে না। অননুমোদিত স্থানে পশু জবাই করলে জরিমানা এবং অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি হলে দোকান বন্ধ করে দেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে পশু জবাই করলে পশুটি সুস্থ ছিল কি না, কোনো রোগে আক্রান্ত ছিল কি না বা গরুর নামে মহিষের মাংস বিক্রি হচ্ছে কি না—এসব যাচাই করা কঠিন। তাই নিরাপদ ও পরীক্ষিত মাংস নিশ্চিত করতে নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।