রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের পন্টুন থেকে ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টার উদ্ধার অভিযানের পর বাসটি উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে নৌ পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বাসটির চালক মো. ঝন্টু আলী (৪৭) জানান, বাসটি সকাল ৭টা ১০ মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে ৩৭ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছে। সেখানে যাত্রীদের নামিয়ে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় প্রবেশ করেন তিনি।
তিনি বলেন, যাত্রী নামানোর পর বাসটি সংযোগ সড়ক দিয়ে পন্টুনের দিকে এগোচ্ছিল। তখন হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ হয়ে যায়।
চালকের ভাষায়, “আমি ব্রেকে পা দেই, কিন্তু দেখি ব্রেক কাজ করছে না। তখন আমি হেলপারকে বলি—গাড়ির ব্রেক কাজ করছে না, তুই লাফ দে।” এরপর বাসটির গতি আরও বেড়ে গিয়ে ব্যারিকেড ভেঙে নদীতে পড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় বাসে যাত্রী ছিল না। হেলপার আগেই লাফ দিয়ে নেমে যায় এবং তিনি নিজে জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে ওঠেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি নিরাপদে উপরে ওঠেন।
উল্লেখ্য, এর আগেও গত ২৫ মার্চ একই দৌলতদিয়া ঘাট এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়, যেখানে ২৬ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।