অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে প্রথমে মির্জা সুমন ও রাকিবকে আটক করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকা থেকে মাহদী হাসানকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে প্রশাসনের অনুমতি না থাকায় কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল আয়োজনের চেষ্টা করা হচ্ছিল। এতে সার্বিক বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হওয়ার চেষ্টা করায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।