চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার।
চট্টগ্রামে হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন থানা গঠন করা হবে। একই সঙ্গে ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন তিন উপজেলা গঠনের ফলে দেশে উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৮টি এবং থানার সংখ্যা হবে ৬৪০টি।
মঙ্গলবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার কিছু অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিকার বৈঠকে স্থানীয় সরকার, অর্থ, পরিকল্পনা, স্বরাষ্ট্র, বাণিজ্য, আইন, সড়ক যোগাযোগ ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।