দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের উপকার হয়—এমন কাজই সরকার করতে চায়।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ সরকার করবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে সরকার কাজ করবে।
দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা ব্যাহত করতে পারে—এমন কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।
নারী শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করার উদ্যোগ নেওয়া হবে। ভালো ফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি সারা দেশে দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।