লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার পৌর এলাকার দিদার প্রফেসরের বাড়ির উঠানে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
যোগদানকারীদের নেতৃত্ব দেন হাসান মাহমুদ রাসেল। তিনি রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএনপিতে যোগ দেওয়ার পর হাসান মাহমুদ রাসেল বলেন, জীবনের বাকি সময় বিএনপির সঙ্গে থেকে দলের জন্য আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। আগামী দিনে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচিতে তাদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী শাহেদ আলী পটুসহ রামগতি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।