বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিমান যোগাযোগ জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জার্মান রাষ্ট্রদূত এসব কথা বলেন।
সাক্ষাৎকালে নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান রুডিগার লোটজ। একই সঙ্গে বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে জনগণের যোগাযোগ আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের উন্নয়নে জার্মানির দীর্ঘদিনের সহযোগিতা ও অবদানের প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ-ইইউ সম্পর্ক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকলে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।