দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লেবার রুম স্থাপন না করলে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে মানসম্মত লেবার রুম থাকা বাধ্যতামূলক।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, গত দুই মাস ধরে উপজেলাপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান চলছে। আগামী সাত দিনের মধ্যে মশার লার্ভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা ও স্যালাইনের সরবরাহও নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, চিকিৎসক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে না। একই সঙ্গে স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী এবং তাঁদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী হবেন।