বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী দবিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বড় হাঁসুয়াও জব্দ করা হয়েছে।
নিহত শাহ আলম ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে শাহ আলমের বিবাহবিচ্ছেদ হয়। বিষয়টি নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও হয়েছিল। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের ভাবি আরিফা বেগম জানান, শুক্রবার রাত ১০টার দিকে শাহ আলম সংসারদিঘী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। রাতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
শনিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ আলমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।