চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে ঘিরে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণসহ সার্বিক আয়োজন শেষ করে এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমনের।
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় এখানে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেছেন।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মাঝে বিশেষ সহায়তার চেক বিতরণ করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো শ্রীমঙ্গল শহরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন এবং সার্বিক নিরাপত্তা তদারকি করছেন।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।