জোরপূর্বক শ্রমের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্র প্রশাসন ৬০টি দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ অথবা ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব প্রকাশ করে।
মার্কিন প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত কিছু পণ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার ও বাণিজ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে। এ কারণেই এই শুল্ক ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (USTR) আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব প্রকাশ করেছে। এটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ তদন্তের অংশ হিসেবে এসেছে, যা অন্যায্য বাণিজ্য চর্চা পর্যালোচনা করে।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ কয়েকটি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
অন্যদিকে তদন্তের আওতায় থাকা আরও ৪৫টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চাপ সৃষ্টি হতে পারে এবং যুক্তরাষ্ট্রে রপ্তানিনির্ভর দেশগুলোর ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পেতে পারে।