জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।” তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় রাজনৈতিক উদ্দেশ্যে ফটোকার্ড ও ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণ এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি পছন্দ করছে না। দীর্ঘ ১৭ বছরের শাসনব্যবস্থার অবসানের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় দেশ পরিচালনার জন্য বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই। সরকার দায়িত্ব ছেড়ে দিলে রাষ্ট্র পরিচালনার সক্ষম কোনো বিকল্প শক্তি বর্তমানে নেই বলেও তিনি দাবি করেন।
এনসিপির সমালোচনা করে নুরুল হক নুর বলেন, দলটি বর্তমানে রাজনীতিতে “বিষফোঁড়া”য় পরিণত হয়েছে। তার অভিযোগ, একটি বিদেশি গোষ্ঠীর প্রভাবে এনসিপি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং সরকারকে চাপে ফেলে সুবিধা আদায়ের চেষ্টা চলছে।
তিনি বলেন, এনসিপিকে রাজনীতি শেখার সুযোগ দেওয়া উচিত, তবে তাদের কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল না হয়।