রংপুরের পীরগাছায় তিস্তা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত রুবেল মিয়ার দাবি, সরকারি রাস্তার কাজের জন্যই তিনি বালু তুলছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানেন।
অভিযুক্ত রুবেল মিয়া পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন এনসিপির সদস্যসচিব।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গিয়ে তিস্তা নদীর তীররক্ষা বাঁধসংলগ্ন স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দৃশ্য দেখা যায়। স্থানীয়দের দাবি, গত তিন দিন ধরে ওই এলাকায় এভাবে বালু তোলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, তীররক্ষা বাঁধসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন বাড়ার পাশাপাশি কৃষিজমি ও বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে।
অভিযোগের বিষয়ে রুবেল মিয়া বলেন, সরকারি রাস্তার কাজের জন্যই বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা জানেন এবং তাদের অনুমতিও রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এ দাবি অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি বলেন, বালু উত্তোলনের সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
রুবেল মিয়ার দলীয় পদ নিশ্চিত করে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।
পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, বিষয়টি তহসিলদারকে দিয়ে নিষেধ করা হয়েছে। এরপরও বালু উত্তোলন করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বালু উত্তোলনের জন্য অনুমোদন দেওয়ার সুযোগ নেই।