মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রাউতভোগ গ্রামে নিজ বাড়ির আঙিনায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. মানিক খান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে মানিক খান তার চাচা মো. বিপ্লব খানের সঙ্গে একই কক্ষে ঘুমিয়েছিলেন। ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনার একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্বজনরা জানান, প্রায় এক বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।