দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত এই মুক্ত বাণিজ্য অঞ্চলে প্রচলিত কাস্টমস ব্যবস্থার কঠোর নিয়মকানুন প্রযোজ্য হবে না। অঞ্চলটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধার আওতায় পরিচালিত হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী প্রায় ৬০০ একর জমিতে এই ফ্রি ট্রেড জোন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ড. নাসিমুল গনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট ও ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্টের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালিতে সংকটের কারণে এলএনজি ও তেল আমদানিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।
তবে দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি তেল আমদানির প্রচলিত পদ্ধতি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এনেছে।
এ ছাড়া রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।