প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সরকারি সফরসূচি অনুযায়ী, সফরের শুরুতে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটির ব্যয় প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা।
এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মাননা দেওয়ার কর্মসূচি রয়েছে।
তারেক রহমানের ফেনী সফর ঘিরে স্থানীয় পর্যায়েও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের কাজ চলছে।
ফেনীর সঙ্গে তারেক রহমানের পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক থাকায় সফরটি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন এবং ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলকে আলাদা নিরাপত্তা অঞ্চলে ভাগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে নতুন সূচিতে ১ অক্টোবর সফরের তারিখ নির্ধারণ করা হয়।