চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য দুর্গত মানুষের উদ্ধার এবং তাদের কাছে দ্রুত খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। পানি নেমে গেলে উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে।
তিনি জানান, পানি কমার পর পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতে সরকার সহায়তা করবে। পাশাপাশি যাদের কৃষিজমি, মাছের ঘের বা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদেরও পুনর্বাসনের আওতায় আনা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ বিবেচনায় জুলাই মাসের ঋণের কিস্তি আদায় স্থগিত রাখতে এনজিওগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।