দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বৈঠকে সিইসির সঙ্গে তিন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনটি জাতীয় সংসদ ভবনেই অনুষ্ঠিত হবে। তবে এটি সংসদের অধিবেশন চলাকালে হবে, নাকি অধিবেশন ছাড়া অনুষ্ঠিত হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য সংসদ সদস্যদের ভোটার তালিকা প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। কমিশনের আশা, শিগগিরই তালিকাটি পাওয়া যাবে।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদসংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা নির্দেশনা পাওয়া গেলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে আগামী ২২ অক্টোবরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।