কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার দ্বিতীয় আসামি আসাদুজ্জামান আসাদকেও কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েতুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে যাওয়া মুহাম্মদ খাজা আহমেদ কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং আসন্ন ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।
আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ২৯ জুন শেষ হয়। এরপর মঙ্গলবার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৯ মে উচ্চ আদালত মামলার প্রধান আসামি মুহাম্মদ খাজা আহমেদ ও দ্বিতীয় আসামি আসাদুজ্জামান আসাদকে ৬ সপ্তাহের জামিন দিয়েছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম জাহাঙ্গীরের দরবারে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে ১৩ এপ্রিল নিহতের বড় ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন বলেন, খাজা আহমেদ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।