বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের আমতলী গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে টাকা ও মূল্যবান মালামাল লুটের পর বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে। ভয়াবহ এ ঘটনায় মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে একটি পরিবারের আজীবনের সঞ্চয় ও স্বপ্ন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হওয়া বাড়ির মালিক আব্দুল লতিফ রাঢ়ি পেশায় একটি এতিমখানার সেবক।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে আগুনের তাপ ও ধোঁয়ার গন্ধে তাদের ঘুম ভাঙে। দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে বাঁচলেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, টিভি, কাপড়চোপড়, চাল-ডালসহ সবকিছু আগুনে পুড়ে যায়। মুহূর্তের মধ্যেই দোতলা কাঠের ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
সকালে স্থানীয়রা ঘরের সিঁধ কাটা দেখতে পান। এরপর ধারণা করা হয়, চোর চক্র আগে ঘরে ঢুকে চুরি করে এবং পরে প্রমাণ নষ্ট করতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা অপূর্ব মাঝি বলেন, “পরিবারটির সহায়-সম্বল সবকিছু আগুনে পুড়ে গেছে। এটি পরিকল্পিত ঘটনা বলেই মনে হচ্ছে। সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”
বাড়ির মালিক লতিফ রাঢ়ি বলেন, “দিন আনি দিন খাই। এতিমখানায় কাজ করে তিলে তিলে ঘর করেছি। এখন কিছুই অবশিষ্ট নেই। পরিবার নিয়ে কোথায় থাকব বুঝতে পারছি না।”
বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।